সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’।
সম্প্রতি ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী) ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং ভাষা শেখানোর প্ল্যাটফর্ম হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, "ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং প্রতিবাদ করার সময় প্রত্যেকেরই শালীনতা বজায় রাখা উচিত। মানুষের শুধু বাক্স্বাধীনতা সম্পর্কে জানলেই হবে না, বাক্শালীনতাও শেখা জরুরি।"
তিনি আরও বলেন, "বর্তমান বিশ্বে যোগাযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হলে একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ।"
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা জানান, "সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে।"
আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে, যা সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পেশাগত যোগাযোগ ও সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।