ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবোটিক ও এসটিইএম অলিম্পিয়াড (এফআইআরএসও) ২০২৬-এর সফটটেক বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সামিন ইয়াসার।
সামিন তার উদ্ভাবিত প্রপার্টি টেকনোলজি অ্যাপ্লিকেশন ‘দরজা’ এর জন্য এই স্বীকৃতি পেয়েছেন। ‘দরজা’ একটি থ্রিডি ট্রাস্ট-সক্ষম প্রপার্টি ম্যানেজমেন্ট ও রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা ও আস্থার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ উপায়ে সম্পত্তি দেখা, যাচাই এবং ব্যবস্থাপনার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই অর্জনের ফলে সামিন ইয়াসার এফআইআরও-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত পর্বটি ইতালির রোমে অনুষ্ঠিত হবে, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আন্তর্জাতিক পর্যায়ে সামিনের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক এসটিইএম ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অর্জন।