সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ক্যাম্পাসগুলোতে কোনো দলবাজির স্থান হবে না, বরং সেগুলো সকল শিক্ষার্থীর জন্য শিক্ষার কেন্দ্রস্থল হবে। তিনি উল্লেখ করেন, গুণগত শিক্ষা নিশ্চিত করে মানুষ গড়ার কারিগর হবে এসব ক্যাম্পাস।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করছে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খেলাধুলার আয়োজন অন্তর্ভুক্ত রয়েছে।
দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকেরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা তুলে ধরতে মাঠে নামেন প্রতিযোগীরা।