বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিসেস শিউ রশিদ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আইনি সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার সাক্ষাৎকালে ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে, হাইকমিশনার বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আদালত পরিদর্শন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাকে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম দেখান।
হাইকমিশনার বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি আলোচনা হয়।
হাইকমিশনার এ বিষয়ে তার সরকারের আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এবং অ্যাটর্নি জেনারেলের ডেপুটি, ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।