শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে গ্রামবাসীর উদ্যোগে স্থায়ী খেলার মাঠের জমি কেনা

টাঙ্গাইলের বাবুপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে স্থায়ী খেলার মাঠের জমি কেনা হয়েছে।

টাঙ্গাইলে গ্রামবাসীর উদ্যোগে স্থায়ী খেলার মাঠের জমি কেনা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি উৎসব, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা আনন্দে মেতে ওঠেন। গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে স্থায়ী খেলার মাঠের জন্য জমি কিনেছেন।

বাবুপুর গ্রামে সাত শতাধিক পরিবারের বসবাস। জনসংখ্যা সাড়ে তিন হাজারের বেশি, যার মধ্যে একটি বড় অংশ শিশু ও তরুণ। দীর্ঘদিন ধরে খেলার মাঠের অভাবে তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এর আগে মাঠের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হলেও সফলতা আসেনি।

জমি কেনার উদ্যোগের অন্যতম উদ্যোক্তা এসএম ইকবাল মাহমুদ জানান, কয়েক মাস আগে গ্রামের ক্রীড়ানুরাগী খোরশেদ আলমের সঙ্গে আলোচনা করে জমি কেনার প্রস্তাব দেন। গ্রামবাসীর মধ্যে অর্থ সংগ্রহের উদ্যোগে খোরশেদ আলম উৎসাহ দেখান।

গ্রামের বিত্তশালীদের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পান উদ্যোক্তারা। ৮ সেপ্টেম্বর গ্রামবাসীর অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সবাই জমি কেনার পক্ষে মত দেন।

জমি কেনার জন্য ইকবাল মাহমুদ এবং অন্যান্য উদ্যোক্তারা বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে গ্রামের ইকবাল হোসেন সুজনের ৬০ শতাংশ জমি কেনা হয়, প্রতি শতাংশের দাম নির্ধারণ করা হয় ৫২ হাজার টাকা।

বৃহস্পতিবার জমিটি গ্রামবাসীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দমুখর পরিবেশে জমি বুঝে নেন গ্রামবাসী। যুবকেরা ফুলের মালা দিয়ে অর্থদাতা ও প্রবীণ ব্যক্তিদের বরণ করে নেন।

খোরশেদ আলম জানান, আপাতত ৬০ শতাংশ জমি কেনা হয়েছে এবং তারা আরও ৬০ শতাংশ জমি কেনার লক্ষ্য নিয়ে কাজ করছেন। মোট ১২০ শতাংশ জমি হলে একটি ভালো মানের খেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে।

গ্রামের কিশোর হাবিবুল্লাহ সালমান বলেন, ‘এখন মাঠ হয়েছে। আমরা সারা বছর খেলতে পারব।’ প্রবীণ আব্দুল মান্নান ব্যাপারী জানান, ‘আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।’ বাবুপুর মসজিদ কমিটির সভাপতি নজরুল শিকদার বলেন, ‘মাঠে খেলাধুলার সুযোগ তৈরি হলে কিশোর ও তরুণেরা সুস্থ পরিবেশ পাবে।’

সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, ‘এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। অন্য গ্রামের মানুষও অনুপ্রাণিত হতে পারেন।’

বিজ্ঞাপন