শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য আরও ৩ বছর সময় দিল জাতিসংঘ

জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য আরও তিন বছর সময় দিয়েছে।

বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য আরও ৩ বছর সময় দিল জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে। একই সময় পেয়েছে নেপালও।

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ইউএনসিডিপির কাছে চিঠি দিয়ে উত্তরণের সময় বাড়ানোর অনুরোধ জানায়।

জাতিসংঘ উল্লেখ করেছে যে, বাংলাদেশের সামনে থাকা গুরুতর চ্যালেঞ্জগুলো স্বীকার করা হয়েছে। সাম্প্রতিক সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের কারণে অনিশ্চিত ঝুঁকি বেড়েছে।

বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা ও দেশের অভ্যন্তরীণ দুর্বলতা বিবেচনায় নিয়ে বাংলাদেশকে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত প্রস্তুতিকাল দেওয়া হয়েছে।

জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের চিঠি পাওয়ার পর গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ইউএনসিডিপির ২৮তম পূর্ণাঙ্গ অধিবেশনে একটি প্যানেল গঠন করা হয়। পরে এ বিষয়ে আরও আলোচনা করার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) সাধারণ পরিষদে সুপারিশ করে।

বিজ্ঞাপন