সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ সাবলেট বা ভাড়া দিলে বরাদ্দ বাতিল হতে পারে। সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ইতোমধ্যে ভাড়াটিয়া রেখেছেন, তাদের আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) এর মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাস নিশ্চিত করতে হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদফতর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে যে, কয়েকজন বরাদ্দপ্রাপক তাদের বরাদ্দকৃত সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ অন্যের কাছে ভাড়া দিয়েছেন, যা বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
সরকারি আবাসন পরিদফতর বরাদ্দপ্রকদের সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছে। যারা ইতোমধ্যে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় নিজে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো সরকারি বাসায় সাবলেট ভাড়াটিয়া পাওয়া গেলে বরাদ্দ বাতিল করা হবে। বরাদ্দপ্রাপককে আর কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, বিধিমালার ১৪(৩) অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে জানানো হবে এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে।