শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোটসহ তিন জেলে আটক হয়েছে।

পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় খাপড়াভাঙ্গা নদী থেকে আটক করা হয় তিনটি অবৈধ ট্রলিং বোটসহ তিন জেলেকে।

আটক জেলেরা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের মো. হানিফের ছেলে মো. মাকসুদ, চর হাসান গ্রামের আনা মিয়ার ছেলে মো. বাবুল এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শিখাগ্রামের মো. হান্নানের ছেলে মো. ফরহাদ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা বোট, জাল ও ট্রলিং সরঞ্জামসহ আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন