সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নওগাঁয় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের ছাত্রাবাস থেকে কলেজছাত্র ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁয় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ২৫ বছর বয়সী কলেজছাত্র ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় জননী নামের ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

সূত্রে জানা যায়, পড়াশোনার সুবিধার্থে নিহত ইমন জননী ছাত্রাবাসের ডাবল রুমের একটি কক্ষে একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সাথে ইমনের যোগাযোগ থাকলেও শুক্রবার রাতে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি।

এই কারণে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইমনের মামা ওই ছাত্রাবাসে আসেন। দরজার সামনে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রুমের ভেতরে ফ্যানের রডের সাথে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পুলিশে খবর দেয়ার পর নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন