ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে একাধিক গাড়ির ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক সাহা এবং সুজয় সাহা। তাদের সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই বলে জানা গেছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ইসলামপুর এলাকায় সরাসরি লেনে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক কষলে, এটি সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি মিনিবাস দুই মটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক অনিক ও সুজয়কে মৃত ঘোষণা করেন।
অপর মটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।