রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের পরিত্যক্ত ভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘আমরা জানতে পারি ধানমন্ডি থানাধীন সুধা সদনে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।’
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদনে অগ্নিসংযোগ করা হয়, এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।