চট্টগ্রামের বায়েজিদের শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় পুলিশ ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে। শনিবার দুপুর ২টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালায় বস্তায় ভরা বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বুলেটগুলো উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। উদ্ধারকৃত বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের রয়েছে। সব মিলিয়ে বুলেটগুলোর ওজন প্রায় ১৬ কেজি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বুলেটগুলো কোন অস্ত্রের সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট নালায় ফেলে গেছে, তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ।