রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানিয়েছেন, আজ সন্ধ্যার দিকে খবর পেয়ে পুরাতন ভবনের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, "দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।"
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আমরা এখনও ওই নারীর নাম–পরিচয় জানতে পারিনি। তাই সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।