ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরবকে (১১) প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২) থাপ্পড় দেয়।
এ ঘটনার জেরে হামদু মিয়া লাঠি দিয়ে ইয়াছিনকে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এর পর শনিবার সকালে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে হামদু মিয়া ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।