নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিজান মিয়া (৪৫), তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে একাধিকবার সালিশও হয়েছে, কিন্তু শহীদুল্লাহ সালিশ মেনে নেননি। শনিবার দুপুরে মিজান রাস্তার একটি গাছ কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।
তর্কের একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।