বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন মাছ ব্যবসায়ী, একজন পিকআপ ভ্যানের চালক এবং একজন চালকের সহযোগী রয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পিকআপ ভ্যানটি মাছের পোনা বিক্রি করে ময়মনসিংহ ফিরছিল।
কাহালুর কাজিপাড়া বৌ-বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। এ ঘটনায় পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানের চালক, তার সহকারী এবং দুই মাছ ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বগুড়ার কাহালু থানার উপ-পরিদর্শক ব্রজেন চন্দ্র মাহাতো জানান, 'মরদেহ উদ্ধারের পর তা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনরা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।