রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ ও বস্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মুখে মুখে রটে যায় 'বোমা' পাওয়ার খবর, যা পুলিশকে তৎপর করে তোলে।
মিরপুর-১০ মেট্রো স্টেশনের সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই কারণে সেখানকার যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হন। ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, বস্তা ও ব্যাগের মধ্যে কোনো 'বোমা' বা বোমা সদৃশ কিছু নেই।
অন্যদিকে, ফার্মগেটের বস্তুটিও বোমা সন্দেহে পরীক্ষা করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট পরে জানায়, এটি একটি খালি বস্তা যা দলা পাকিয়ে রাখা হয়েছিল।
গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে 'পাইপ বোমা' উদ্ধার করে পুলিশ, যা পরিত্যক্ত ছাতার মধ্যে ছিল। এরপর বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চারাবাগ এলাকার চায়ের দোকানের সামনে থেকে 'শক্তিশালী বোমা' উদ্ধার করার খবর পাওয়া যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়।