নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে এবং বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অভিযুক্ত জীবন মিয়া একই ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেননি।
ঘটনার দিন দুপুরে মিজান রাস্তার একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।