সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে জমির সীমানা নিয়ে ব্যবসায়ী হত্যার অভিযোগ

নরসিংদীতে জমির সীমানা নিয়ে ব্যবসায়ী মিজান মিয়াকে হত্যা করা হয়েছে।

নরসিংদীতে জমির সীমানা নিয়ে ব্যবসায়ী হত্যার অভিযোগ

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমির সীমানায় নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের নাম মিজান মিয়া (৪৫), তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে মুদি দোকান পরিচালনা করতেন।

নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সফুর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের চাচা শহীদুল্লাহর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে, তবে শহীদুল্লাহ তা মেনে নিতে অস্বীকৃতি জানান।

আজ দুপুরে মিজান যখন রাস্তার পাশে থাকা একটি গাছ কাটতে যান, তখন উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া কুড়াল দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

মিজানকে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিছুর রহমান জানান, মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন