গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দির শ্বশুরবাড়ি এলাকা থেকে বি. এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) শ্বশুর বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি ৬ এপিবিএন মলছড়ি, খাগড়াছড়িতে এস.আই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা সোমবার সকালে শ্বশুর বাড়ির অদূরের পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।