যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিখ্যাত স্পেস নিডল টাওয়ারের কাছে গোলাগুলিতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন। রবিবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলাকালীন কয়েকশ' মানুষের মধ্যে বন্দুকধারীরা হামলা শুরু করে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এবং আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমসের তথ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৫৬ বছর বয়সী এক নারী। অন্য একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।
সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবাকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান।
বন্দুক হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিয়াটলের মেয়র কেটি উইলসন। তিনি বলেন, "ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দুই সন্দেহভাজনকে আটক করায় সিয়াটল পুলিশ বিভাগের সদস্যদের ধন্যবাদ জানাই।"
মেয়র উইলসন এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতার একটি ঘটনা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।