কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই টেঁটাযুদ্ধের সময় মেঘনা উপজেলার এক নারী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম কোহিনুর বেগম (৪৫), তিনি চরবিনোদপুর গ্রামের মো. কাবিল মিয়ার স্ত্রী।
এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলা ও লুটপাটের ঘটনায় নতুন ভাটেরারচরের অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেঘনা ও তিতাস উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে এই চর দখল নিয়ে টেঁটাযুদ্ধ, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটছে। ওসি শহিদুল ইসলাম জানান, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
অভিযোগ রয়েছে, মেঘনার লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নৌকাযোগে তিতাসে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আবারও বড় ধরনের লুটপাট ও ভাংচুরের আশঙ্কা রয়েছে।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, দুই থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত নারী মেঘনা উপজেলার বাসিন্দা। প্রশাসন বিষয়টির স্থায়ী সমাধানের দিকে কাজ করছে।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, চর দখল নিয়ে পূর্বেও মারামারি হয়েছে। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং দুই উপজেলার বাসিন্দাদের সঙ্গে আইনি জটিলতা নিরসনে আলোচনা করা হবে।