পটুয়াখালীতে গাছের সঙ্গে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মনজু হাওলাদার ও জহির হাওলাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এ নির্দেশ দেন।
এর আগে, রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেন। সদর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, "মামলাটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের টুকরো ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
এ ঘটনায় প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।