পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খাবারের খোঁজে ঘুরছিল কুকুর দুটি। এ সময় জহির হাওলাদার ও মনজু হাওলাদার নামে দুই ব্যক্তি কুকুরগুলোকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করেন।
নির্মমভাবে মারধরের ফলে কুকুর দুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের অভিযোগ, কুকুরগুলো দীর্ঘদিন ধরে খাবারের অভাবে আশপাশে খাদ্যের সন্ধান করছিল।
একাধিক স্থানীয় জানান, ক্ষুধার তাড়নায় কোনো প্রাণী মানুষের বসতিতে এলে তাকে পিটিয়ে হত্যা অমানবিক। তারা বলেন, সামান্য সহানুভূতি দেখানো হলে হয়তো কুকুর দুটি এভাবে মারা যেত না।
ঘটনার পর প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকেরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পশুকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী প্রাণীর ওপর অপ্রয়োজনীয় নির্যাতন বা হত্যা দণ্ডনীয় অপরাধ।
তবে অভিযোগের বিষয়ে জহির হাওলাদার ও মনজু হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন।