জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে ‘বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের’ অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনসিপি নেতা চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য।
চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, গত ১৯ এপ্রিল এক তরুণী ওই নেতার বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এনসিপি নেতা।
তরুণীটি বিয়ে করতে বললে অভিযুক্ত নেতা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
দলটি জানিয়েছে, সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।