চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গৃহস্থালির কাজ করার সময় তিনি ঘরের একটি টিন সরাতে যান।
অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে পারভীনা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।