গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সিফাত আব্দুল্লাহ এনসিপির সমর্থক বলে জানা গেছে এবং তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের সংশ্লিষ্টদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করতেন। সর্বশেষ বৃহস্পতিবার, এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারকে গালিগালাজ করতে দেখা যায়।
ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা তিনি অতিরিক্ত মনে করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানায় অভিযোগ করেন।
ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, সিফাতের গ্রেপ্তারের খবরে থানায় এনসিপির সমর্থকরা ভিড় করেন এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, সিফাত একটি শিশু, তাকে অহেতুক আটক করা হয়েছে।