গাজীপুরের গাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত যুবক সিফাত ‘ইনকিলাব মঞ্চ’ গাছা শাখার সদস্য। পুলিশ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে। খবরটি ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে নেতাকর্মীরা থানায় অবস্থান নেন।
এ সময় তারা সিফাতকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নেন।
এ ঘটনায় এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।