রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ফলে দগ্ধ মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন।
মৃত্যুবরণকারী দুজন হলেন মো. শাহীন (২৪) এবং তার ভাগ্নি হাফছা (৮)। মঙ্গলবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাফছার মৃত্যু হয় এবং শুক্রবার সকাল ৬টার দিকে শাহীনের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহীন ৫০ শতাংশ এবং হাফছা ৪০ শতাংশ দগ্ধ ছিলেন।
শাহীনের স্ত্রী ফাহিমা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।