রাজধানীর তিনশো ফিট এলাকায় বল প্রয়োগ করে অর্থ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার (২৬ জুলাই) সকালে খিলক্ষেত থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ এ তথ্য জানান।
পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ম্যানেজারকে ভাড়া করা প্রাইভেট কারে তুলে হাত-পা বেঁধে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। অর্থ আদায়ের পর ভুক্তভোগী ওই ব্যক্তিকে পথে ফেলে দিয়ে চলে যায় তারা।
এই ঘটনার পর পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের প্রাইভেট কারে তুলে অপহরণের কাজ করতো বলে জানায় পুলিশ।
দীর্ঘ এক মাসের চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন থানায় চক্রটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।