আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে এবং ৯৪ জন আহত হয়েছে। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানায়।
১ নভেম্বর ভোরে টেক্সাসের ডালাসে ৩টি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয় এবং ১৫ জন আহত হয়। এই সহিংসতা ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে ঘটে।
নাইট ক্লাব, কস্টিউম বা পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও কলেজ ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা জানান, আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে ছুটির দিন ও সপ্তাহান্তের সহিংসতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে।
হ্যালোইনের মতো উৎসবের সময় মদ্যপান ও মাদক গ্রহণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে যেকোন তুচ্ছ বিরোধ সহিংসতার কারণ হয়ে উঠছে।