রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। এই উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টায় ঘটানো সম্ভব নয়। তিনি জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে মনে হয়েছে, এটি সময় নিয়ে করা হয়েছে।
কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ আরও জানান, ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে এবং ভবনের বিভিন্ন জায়গায় ভাঙচুরের আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।