মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী রাড্ডা সেন্টারের মালিকানা সংক্রান্ত মতবিরোধ কোর্টে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জানান, রাড্ডা সেন্টারটি এনজিও পরিচালিত একটি মাতৃসেবাকেন্দ্র ছিল এবং এখানে টিকাদান-ইপিআই কর্মসূচি পরিচালনা করা হতো। তিনি বলেন, “এটার মালিকানা কার, আমার জানা নেই। বাংলাদেশে জমি নিয়ে ডিসপিউট (মতবিরোধ) থাকে। তবে রাতের অন্ধকারে এইভাবে ভাঙা উচিত নয়।”
এদিকে, সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। হামলার পর কর্তৃপক্ষ টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখানে টিকাদান কর্মসূচি যাতে চালু থাকে, সেই ব্যবস্থা করা হবে।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে।
হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, হামলার ফলে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।