শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিরপুরের ক্লিনিক ভাঙার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর কঠোর মন্তব্য

মিরপুরের ক্লিনিক ভাঙার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মিরপুরের ক্লিনিক ভাঙার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর কঠোর মন্তব্য

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মিরপুরের ক্লিনিক রাড্ডা ভাঙার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাতের আঁধারে ক্লিনিক ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, তবে এর মানে এই নয় যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে।’

শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলামও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়ার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে এবং দায়ীদের বিচার করা হবে।’

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় এবং দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে।

দুর্বৃত্তরা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটির দাবি, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন