নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের ৪ জন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে, এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল থেকে তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সোনারগাঁওয়ের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার পর থেকেই উদ্ধার কার্যক্রম চলছে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ একযোগে কাজ করছে। এখনো নিখোঁজ ৪ জনের মরদেহের সন্ধান মেলেনি।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে ট্রলারে ১৩ জন সোনারগাঁওয়ের হারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারটি সোনাময়ী এলাকায় ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এ সময় ৮ জন সাতঁরে পাড়ে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হয়। পরে মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়, তবে একই পরিবারের আরো চারজন এখনো নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ।