শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডিএনসিসি প্রশাসক: সরকার রাতের অন্ধকারে দখলদারিত্ব চায় না

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান রাড্ডা সেন্টারের ভাঙচুরের ঘটনায় দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

ডিএনসিসি প্রশাসক: সরকার রাতের অন্ধকারে দখলদারিত্ব চায় না

মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী রাড্ডা সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন যে, রাতের অন্ধকারে দখলদারিত্বের মতো ঘটনা এই সরকার চায় না। তিনি বলেন, "আমরা নিজেরাও চাই না। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে, এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সকাল থেকে গুঁড়িয়ে দেওয়া ভবনের প্রধান ফটকের সামনে হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, "যদি এই জায়গা নিয়ে সমিতি এবং রাড্ডার সাথে কোনো আইনি বিষয় থাকে, সেটা কোর্টে ফয়সালা হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, দুষ্কৃতকারীরা দ্রুত গ্রেফতার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানায় দায়ের করা এই মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াইশো জনকে আসামি করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। দুর্বৃত্তরা পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও নতুন প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন