রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিষ্টির কাছে লিখিত নির্দেশনা পৌঁছানো হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার পর ক্লিনিকটি ভেঙে দেওয়া হয় এবং সাইনবোর্ড টানায় সমমনা দোকানদার সমবায় সমিতি।
এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যার মধ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও রয়েছে। তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিতর্ক ও অভিযোগ রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ উঠেছে।
বিএনপি ও সরকারের বিভিন্ন সূত্র জানায়, রাড্ডার ঘটনার পর সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী গত দুই দিনে এই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন।