গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনও রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, “যেখানেই যাচ্ছি, সেখানেই রাস্তা নেই, ব্রিজ নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই। তাহলে উন্নয়ন হলোটা কী?”
মীর শাহে আলম বিএনপির নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন হয়েছে দাবি করে বলেন, “বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে।” তিনি ১৯৭৫-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ও কৃষিকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলনের পর জনগণ বিএনপিকে আবার দায়িত্ব দিয়েছে।” প্রতিমন্ত্রী বলেন, “আমরা গত সাত মাস ধরে দায়িত্ব নিয়েছি। দেশের মানুষকে আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না; তবে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।”
গাইবান্ধা জেলা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, “বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে এবং ডামি নির্বাচনের সময়ে গাইবান্ধা জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।”
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জানান, সরকার গ্যাস ও বিদ্যুতের সমস্যাসহ জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে নির্বাচন শুরু করে জুনের মধ্যে শেষ করতে চায়। তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।”
গাইবান্ধার বালাসীঘাটে সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।” তিনি জানান, বড় সেতু নির্মাণে বৈদেশিক উদ্যোক্তা খোঁজা হচ্ছে এবং গাইবান্ধার চারটি সেতু নির্মাণের দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।