স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, "মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।" তিনি আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস ক্ষমতায় এসেছে এবং সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে। তিনি বিএনপির নেতৃত্বাধীন সময়ে দেশের উন্নয়ন প্রসঙ্গে বলেন, "বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ খুঁজে পেয়েছে।"
শাহে আলম আরও বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে যখন দেশ বিপদে পড়েছিল, তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, সেসময় কৃষি, অর্থনীতি ও নারী শিক্ষার উন্নয়ন ঘটেছিল।
তিনি বলেন, নব্বইয়ের পর পুনরায় পথ হারালে, জিয়া পরিবার দেশের উন্নয়নের পথ ফিরে পেতে সাহায্য করেছে। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বার বার সেই উন্নয়নগুলো ধ্বংস করা হয়েছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি স্বচ্ছ নির্বাচন করতে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি। শাহে আলম বলেন, "বিগত ২০ বছর দেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করা হয়েছে।"
তিনি গাইবান্ধাসহ সারা দেশে মানুষের বাসযোগ্যতা বৃদ্ধির জন্য সকল ধরনের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, "বগুড়া উন্নয়ন হলে অন্যান্য জেলার চেয়ে বেশি সুবিধা পাবে গাইবান্ধা।"