বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মেগা প্রকল্পের উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে পৌঁছে মেগা প্রকল্পের উদ্বোধন করবেন।

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, মেগা প্রকল্পের উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে আসেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছান। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জেলা শহরের প্রধান সড়ক জুড়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

স্বাগত পর্ব শেষে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক মেগা প্রকল্পের ফলক উন্মোচন করবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে তিনি একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় আসবেন, যেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিকেলে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানে তিনি স্থানীয় অধিবাসীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করবেন।

দিনব্যাপী রাষ্ট্রীয় এসব কর্মসূচি সমাপ্ত করে বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। রাত ৯টার দিকে তিনি রাজধানী ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন।

বিজ্ঞাপন