আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও তা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১ অক্টোবর) 'ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ' (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র সরকারি সুবিধার ওপর নির্ভর করা সম্ভব নয়। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিষ্ঠানগুলোকে দক্ষ এবং পেশাদার হতে হবে।
আইসিবিকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইসিবির ভালো কাজের ইতিহাস রয়েছে, তবে মাঝে মাঝে উত্থান-পতনও হয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির কাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। রিটেইল বিনিয়োগের ওপর নির্ভরতা কমিয়ে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে নিয়মকানুন সহজ করার জন্য বিএসইসি কাজ করছে। সরাসরি তালিকাভুক্তির সময় ১৮ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে এবং সামনে আরও সংস্কার হবে।