মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাদ্য পণ্য পাচ্ছেন নাগরিকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাদ্য পণ্য দিচ্ছে নাগরিকদের।

ঢাকায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাদ্য পণ্য পাচ্ছেন নাগরিকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে প্লাস্টিক বর্জ্য জমা দিলে নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য পাচ্ছেন। এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে মিলছে চাল ও ডিম, এবং ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।

এ উদ্যোগের উদ্দেশ্য হলো প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার বার্তা প্রচার করা। কামরাঙ্গীর চরে প্লাস্টিক বর্জ্যের ব্যাগ হাতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। স্থানীয়রা বাসাবাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য নিয়ে এসে এখানে জমা দিচ্ছেন।

এক স্কুলশিক্ষার্থী জানান, ‘ওরা যে উদ্যোগটা নিয়েছে, খুব ভালো উদ্যোগ। আমাদের কামরাঙ্গীরচর পরিষ্কার–পরিচ্ছন্ন হচ্ছে। বর্জ্যের বদলে আমরা খাদ্য পাচ্ছি।’ স্থানীয় এক নারী বলেন, ‘দুই কেজি, তিন কেজি, পাঁচ কেজি বর্জ্যের বিনিময়ে একজন পাঁচ থেকে ছয়শো টাকার মতো সদাই পাচ্ছে, এটার জন্য অনেক গরীবের উপকার হচ্ছে।’

প্রতি সপ্তাহে এক দিন ঢাকার বিভিন্ন এলাকায় এই বিশেষ বাজার বসছে। এখানে ছয় কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। পাঁচ কেজি জমা দিলে পাওয়া যাচ্ছে এক থেকে দেড় কেজি ওজনের পাঙ্গাস মাছ বা এক কেজি সয়াবিন তেল।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহাবুবুর রহমান জানান, ‘এটি আমাদের একটি অর্জন যে আমরা বোঝাতে পেরেছি বর্জ্য একটি সম্পদ। আপনার বর্জ্যটা না ফেলে দিয়ে সংরক্ষণ করুন। এখানে জমা দিয়ে বিনিময়ে বাজার–সদাই পাবেন।’

ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘আপনি কয়জনকে বর্জ্যের বিনিময়ে খাবার দেবেন? তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে। খাবার দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সচেতন করা।’

এছাড়াও, প্রতিটি ওয়ার্ডে প্লাস্টিকের বিনিময়ে পণ্য বিক্রির স্থায়ী বাজার করার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন