রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০), যিনি জামালপুর থেকে মেয়ের বিয়ের জন্য ঢাকায় এসেছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, গত ৪ সেপ্টেম্বর সকালে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ইসমাইল জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।
মরদেহ উদ্ধারের সময় ইসমাইলের পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। পুলিশের প্রাথমিক ধারণা, ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং পরে তার মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়েছে।
বনানী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। পুলিশ মনে করছে, আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
নিহতের ছেলে হাসান জানান, তার বাবা বিয়ের খরচের টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন। তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন। হাসান জানান, তার বাবার সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন ছিল, তবে মরদেহ উদ্ধারের পর এসব পাওয়া যায়নি।
ইসমাইল হোসেন ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। অসুস্থতার কারণে চাকরি ছাড়ার পর তিনি গ্রামের বাড়িতে ফিরে যান। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ইসমাইলের রহস্যজনক মৃত্যুর কারণে।