সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু

থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিজিএবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ এহসানুর রহমানকে আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী রোকসানা রুমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয় কিশোর সৌরভকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

টিজিএবি জানায়, তাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের বিভিন্ন নাট্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় করা এবং শিক্ষা-পরবর্তী সময়ে পেশাগত ও সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

এছাড়া, পেশাগত নাট্যচর্চায় পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করা এবং দেশীয় সংস্কৃতিচর্চার সঙ্গে বিশ্বসংস্কৃতির সম্পর্ক নিরূপণে বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখার লক্ষ্যও রয়েছে সংগঠনটির।

সংগঠনের আহ্বায়ক শেখ এহসানুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থিয়েটার প্রদর্শনী, গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নাট্যশিক্ষার্থীদের পেশাগত জায়গাগুলো সুসংহত করতে তাদের একটি বড় পরিকল্পনা রয়েছে।

সংগঠনের সদস্য সচিব হৃদয় কিশোর সৌরভ বলেন, একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ার দীর্ঘদিনের যে প্রচেষ্টা তাদের ছিল, বিলম্বে হলেও তা আজ বাস্তবে রূপ লাভ করেছে।

টিজিএবির প্রথম ও প্রধান লক্ষ্য হলো থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ সুদৃঢ় করা এবং সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া।

‘শিক্ষা, শিল্প, প্রগতি ও থিয়েটার অধিকারের ঐক্যে আমরা সবাই সবার’— এই স্লোগানকে ধারণ করে নাট্যচর্চার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে টিজিএবি এগিয়ে যাবে বলে জানান নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন