জাতিসংঘ পৃথিবীর মহাদেশগুলোর প্রকৃত আয়তন নিয়ে একটি নতুন মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আফ্রিকার প্রকৃত আয়তন সামনে আসবে, যা ইউরোপ ও উত্তর আমেরিকার চেয়ে বড় দেখাবে।
বাংলাদেশসহ ১৬৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তবে একমাত্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, জাতিসংঘের উচিত বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে কাজ করা, ১৬ শতকের মানচিত্র নিয়ে নয়।
নতুন এই মানচিত্রের নাম 'ইকুয়াল আর্থ প্রজেকশন', যা বিশ্বের মহাদেশগুলোর আয়তনকে তুলনামূলকভাবে আরও নির্ভুলভাবে তুলে ধরবে। বর্তমানে প্রচলিত মারকেটর প্রজেকশন মানচিত্রে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোকে বাস্তবের চেয়ে ছোট দেখানো হয়েছে।
টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসে বলেন, "বৈশ্বিক ন্যায্যতার শুরু হয় একটি ন্যায্য মানচিত্র দিয়ে। আফ্রিকার প্রকৃত আকার মানুষকে সঠিকভাবে জানানো এবং বোঝানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।"
নতুন মানচিত্রে আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ওশেনিয়ার প্রকৃত আয়তন ফুটে উঠবে। ফ্রান্স ইতোমধ্যে পুরোনো মারকেটর মানচিত্র বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে।