অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ জেনারেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিজিপিএএ) কর্তৃক আয়োজিত গালা ডিনার ও সাংস্কৃতিক রাত অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট নেরাং বাইসেন্টেনিয়াল হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির নাম ছিল ‘আবার এলো যে সন্ধ্যা’ যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে ওঠে।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন বিজিপিএএর সাধারণ সম্পাদক ডা. সাজিদুল ইসলাম। সংগঠনের সভাপতি ডা. পারভেজ খান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার বোরহান উদ্দিনও বক্তব্য দেন।
অস্ট্রেলিয়ায় চিকিৎসা পেশায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ চিকিৎসক ডা. আব্দুর রশীদ আলমগীর এবং ডা. কামালউদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিজিপিএএর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তোজাম্মেল হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. রফিকুর রহমান এবং সাবেক সভাপতি ডা. এন এম নিজামুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ পরিবেশনা শুরু হয়। ডা. নাহিদ সিনহা ও ডা. রুম্মান চৌধুরী অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে নাচ, গান ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি উদযাপন করা হয়।
ডা. রেশমী সেহেলী, ডা. বাহিজা খানম রত্না এবং ডা. শাহরিয়া সুলতানা জবার দলগত ধ্রুপদী নৃত্য দর্শকদের মুগ্ধ করে। ডা. পীযূষ সরকারের ব্যান্ড সংগীত নব্বই দশকের স্মৃতি ফিরিয়ে আনে এবং ডা. খান মজলিস তাপসের পরিবেশনাও দর্শকদের আনন্দ দেয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ব্রিসবেনপ্রবাসী সংগীতশিল্পী ডা. রাপ্তি সারওয়াত, যিনি তার বহুমাত্রিক প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তার পরিবেশনা মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বীকৃতি পায়।