অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সাধারণ সভা, ক্লিনিক্যাল ও এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী আয়োজনে দেড় শতাধিক চিকিৎসকসহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন।
সকালে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের কুইন্সল্যান্ড চেয়ার ডা. ক্যাথেরিন হেস্টার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেন।
বিজিপিএএ, যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত প্রায় ১১০০ বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারের পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। সেমিনার শেষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় নেরাং বাইসেন্টেনিয়াল হলে গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘আবার এলো যে সন্ধ্যা’ আয়োজন করা হয়। এতে বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা নাচ, গান, আবৃত্তি ও নাট্যনাচের পরিবেশন করেন।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ সরকারের ক্যানবেরা হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন, প্রবীণ জেনারেল প্র্যাকটিশনার ডা. আব্দুর রশীদ আলমগীর এবং ডা. কামাল উদ্দিন আহমেদকে। অনুষ্ঠানটির শেষ পর্বে বিজিপিএএর কালচারাল কমিটির পরিবেশনায় কৌতুকধর্মী হাইব্রিড যাত্রাপালা দর্শকদের মাতিয়ে রাখে।
দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবার দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে দিনটি উদযাপন করেন। আগামী বছর বিজিপিএএর বার্ষিক সম্মেলন, ক্লিনিক্যাল ও এডুকেশনাল কনফারেন্স এবং সাংস্কৃতিক সন্ধ্যা সিডনিতে অনুষ্ঠিত হবে।