সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গত বছরের ভয়াবহ বন্দুক হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক হামলাকারীকে নিরস্ত্র করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন পদক দেওয়ার ঘোষণা দেন। পদকের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, চরম বিপদের মুখে সশস্ত্র ব্যক্তিকে নিরস্ত্র করতে গিয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন আহমেদ।
গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে দুই বন্দুকধারী গুলি চালান, যাতে ১৫ জন নিহত ও অনেক মানুষ আহত হন। হামলার সময় আহমেদ গাড়ি পার্কিংয়ের আড়ালে অবস্থান নেন। পরে সুযোগ বুঝে পেছন থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেন এবং তাঁকে মাটিতে ফেলে দেন। এ সময় আহমেদও গুলিবিদ্ধ হন। তাঁর এ সাহসী পদক্ষেপে বেশ কয়েকজনের প্রাণ রক্ষা পায় বলে কর্তৃপক্ষ জানায়।
‘ক্রস অব ভ্যালর’ পদকটি এ পর্যন্ত মাত্র ছয়বার দেওয়া হয়েছে। আহমেদকে দেওয়া পদকটি এ সম্মানের ষষ্ঠ স্বীকৃতি। দুই সন্তানের জনক আহমেদ হামলার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন, তাঁকে ‘অত্যন্ত সাহসী একজন মানুষ’ হিসেবে উল্লেখ করেন।
বন্ডি সৈকতের হামলার ঘটনায় তিনজনকে সাহসিকতার জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। নিহত বরিস ও সোফিয়া গুরমানকে ‘স্টার অব কারেজ’ পদক এবং চরম বিপদের মধ্যে সাহসিকতার পরিচয় দেওয়ায় রুভিয়েন মরিসনকে ‘ব্রেভারি মেডেল’ দেওয়া হয়েছে। হামলার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়।