ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের তারিখ প্রতি বছর বদলে যায়, কারণ রমজান নির্ধারিত হয় চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করবে।
২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ২৯ শাবান তারিখে চাঁদ দেখা সম্ভব নাও হতে পারে, যার ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চলে চাঁদ দেখা না গেলে রমজান ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে বিভিন্ন দেশের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার পর চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।
ঈদুল ফিতর পালিত হয় হিজরি শাওয়াল মাসের প্রথম দিনে। রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদের তারিখ। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ অথবা ৯ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।
যদি ৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ৯ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। অন্যথায়, রমজান ৩০ দিনে পূর্ণ হয়ে ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে।