গান দিয়ে শ্রোতাদের মন জয় করা সংগীতশিল্পী মাশা ইসলাম এবার দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের গল্প নিয়ে আন্তর্জাতিক দর্শকের সামনে হাজির হচ্ছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম ডিডব্লিউ ট্রাভেলের একটি বিশেষ সিরিজে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।
এই সিরিজে মাশার সঙ্গে ছিলেন ডয়চে ভেলের সাংবাদিক এমা ক্রেমার। গত বৃহস্পতিবার ডিডব্লিউ ট্রাভেলের ফেসবুক পেজে প্রকাশিত সিরিজটির ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মাশার সাবলীল উপস্থাপনা ও প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেছেন দর্শকরা। পুরো সিরিজে বাংলাদেশের বৈচিত্র্যময় ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার গল্প তুলে ধরা হবে ১০টি আলাদা পর্বে। ডিডব্লিউ ট্রাভেল ও ডিডব্লিউ বাংলার জন্য নির্মিত এই সিরিজটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই উপস্থাপনা করেছেন মাশা।
মাশা জানান, বাংলাদেশজুড়ে একটি ভ্রমণভিত্তিক সিরিজ নির্মাণের পরিকল্পনা থেকেই ডিডব্লিউর সঙ্গে তার যোগাযোগ। তিনি বলেন, “এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা।”
ভ্রমণ তার জন্য নতুন কিছু নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরির ছবি দেখা যায়। মাশা এবং এমা ঢাকার আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, সিলেট, শ্রীমঙ্গল ও কক্সবাজারের ইতিহাস ও সংস্কৃতি কাছ থেকে দেখেছেন।
মাশার ভাষায়, “পুরো যাত্রাটিই ছিল রোমাঞ্চকর এবং জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।” সংগীতের পাশাপাশি তিনি চলতি বছরে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন পরিচয়ও পেয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে ভ্রমণভিত্তিক ভ্লগ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। মাশা বলেন, “ঘুরতে আমি ভালোবাসি এবং দর্শকদের সঙ্গে সেই অভিজ্ঞতাগুলো ভাগ করে নিতে চাই।” বর্তমানে তিনি নিজের মৌলিক গানের অ্যালবাম নিয়ে কাজ করছেন।